শিরোনাম

শরীয়তপুর, ২ ফেব্রুয়ারি,২০২৬(বাসস): জেলার নড়িয়া উপজেলা থেকে ৯৫ টি ককটেল উদ্ধার ও তিনজন কে আটক করেছে যৌথ বাহিনী।
আজ সোমবার ভোররাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।এ ছাড়া ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
নড়িয়া থানা সুত্র জানায়, নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে। আজ ভোর রাতের দিকে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। ওই এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদা সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা(১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার হওয়া ককটেল,ধারালো অস্ত্র ও আটক তিন ব্যক্তিকে সকাল আটটার দিকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া থানার উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার এই সত্যতা নিশ্চিত করেন।