বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৪

গবেষক কলিম উল্লাহ ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক’ এর জন্য মনোনীত

ছবি: বাসস

সিলেট, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (প্রতিষ্ঠা ১৯৩৬) প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৬’-এর জন্য বিশিষ্ট গবেষক মো. কলিম উল্লাহকে মনোনীত করা হয়েছে।

সিলেট অঞ্চলের প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মাণে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে কেমুসাস এ পুরস্কার প্রবর্তন করেছে।

মো. কলিম উল্লাহ একজন পরিশ্রমী গবেষক। তিনি ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৫ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- ইতিহাস ঐতিহ্যে জৈন্তিয়া (গোয়াইনঘাট খণ্ড, ২০১৭), ইতিহাস ঐতিহ্যে জৈন্তিয়া, (জৈন্তাপুর খণ্ড, ২০১৮), সিলেটের প্রাচীন ইতিহাস এবং মুসলিম উত্থান (২০২২), ইবনে বতুতার শায়খ জালাল (রহ.) প্রকাশ ২০২৫ সাল। এছাড়া প্রকাশের পথে- আরব-সিন্ধু-বরাক, সভ্যতা-সমাজ ও সংস্কৃতি এবং সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.) ইত্যাদি।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. কলিম উল্লাহকে স্বর্ণপদক প্রদান করা হবে।