বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

আনোয়ারায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আক্তার গ্রেফতার

চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। তার কাছ থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আক্তার হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত ৩৩০ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ৪২ নম্বর সন্ত্রাসী গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি চায়নিজ কুড়াল হাতলসহ, একটি হাতলবিহীন চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ‘রোববার সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তর করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান।’