বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রিহান ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাড়ির পেছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি পরিবারের অজান্তে একাই পুকুরপাড়ে যায়। এ সময় পা পিছলে সে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বাড়িতে না পেয়ে বাবা-মা স্বজনদের বাড়িসহ আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে তারা শিশুটির নিথর দেহ পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

নিষ্পাপ শিশুটির অকাল মৃত্যুতে পরিবারটি বাকরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় বালাতাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালাতাড়ি ওয়ার্ডের সদস্য মহির উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।