বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার বাউফলে মনিরুল ইসলাম শাহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উজ্জ্বল বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার গোলাবাড়ির তেমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার উজ্জ্বল বেপারীর বাড়ি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন। 

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আজ মঙ্গলবার পটুয়াখালী আদালতে পাঠানো হবে। 

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।