বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪

পাবনার ৫টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : বাসস

পাবনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শেষ দিন।

বাতিল হওয়ার তালিকায় যারা রয়েছে তারা হলেন, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজী ইউনুস আলী। পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।

তবে পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনায়নপত্র বাতিল হয়নি এবং কোন আসনেই বিএনপি এবং জামায়াতে ইসলামী মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

শাহেদ মোস্তফা জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার পাঁচটি আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।