বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

নওগাঁ সীমান্ত থেকে ৫টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারি আটক

নওগাঁ, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে থেকে ৫টি ভারতীয় মহিষসহ ৪ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)।

আজ রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন (পিএসসি)।

প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, রোববার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁর ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত গাড়িসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ৪জন চোরাকারবারিকেও আটক করে বিজিবি।

আটকৃতরা হলেন, ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) ও  শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে  তরিকুল ইসলাম (৩৫)।  

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

তিনি জানান, আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/ মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান এ অধিনায়ক।