বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

সুনামগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে ছাতক পৌর শহরের রহমতভাগ এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল এলাকা সংলগ্ন সুরমা ব্রিজের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল মিয়া ও রাহিদ আলম শুভ মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল এলাকা সংলগ্ন সুরমা ব্রিজ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মিয়ার মৃত্যু হয়। এসময় নিহত রেজাউল মিয়ার সাথে মোটরসাইকেলে থাকা আরেক তরুণ রাহিদ আলম শুভ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।