বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮

কুষ্টিয়ায় ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : বাসস

কুষ্টিয়া, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর ফলে জেলার চারটি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। 

আজ রোববার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.মাহবুবুর রহমান। 

বাতিল হওয়াদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

কুষ্টিয়া-১(দৌলতপুর), কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 
এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। 

কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) খাইরুল ইসলাম মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বাসসকে জানান, কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।