শিরোনাম

গাইবান্ধা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে গত শুক্র ও শনিবার আয়োজিত যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার পর এ ঘোষণা দেওয়া হয়।
রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নির্ধারিত সময়ে জেলার পাঁচটি আসনে মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ এবং ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অফিস সূত্র জানায়, ১৬টি মনোনয়নপত্রের মধ্যে গাইবান্ধা-১ আসনে (সুন্দরগঞ্জ উপজেলা) ৫টি, গাইবান্ধা-২ আসনে (সদরগঞ্জ উপজেলা) ৩টি, গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলা) ৩টি , গাইবান্ধা-৪ আসনে (গোবিন্দগঞ্জ উপজেলা) ১টি এবং গাইবান্ধা-৫ আসনে (ফুলছড়ি-সাঘাটা উপজেলা) ৪টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মনোনয়নপত্রের ত্রুটি এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতির কারণে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা যথাসময়ে আপিল করতে পারবেন। যাচাই বাছাইকালে প্রায় সব প্রার্থী, তাদের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।