বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:১২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

খুলনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা সদরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ়তা আজও আমাদের প্রেরণা জোগায়।

তিনি বলেন,ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হটেননি খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি প্রমাণ করেছেন—জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।

এডভোকেট মনা আরও বলেন, আজকের এই শোক সভা কেবল শোক প্রকাশ নয়, এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তেই বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। 

খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শ্রমিকদল নগর আহ্বায়ক মো. মুজিবর রহমান, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, এডভোকেট হালিমা আক্তার খানম, মো. নাসির উদ্দীন, কে এম এ জলিল, এডভোকেট মশিউর রহমান নান্নু, গাজী আফসার উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, মনিরুজ্জামান মনির, ইফতেকার আলি বাবু, মাসুদুল হারুন, এস এম নুরুল আলম দীপু, বুলবুল মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, বায়েজিদ হোসেন, সওগাত উল আলাওম সগীর, মোল্লা নুরুল ইসলাম, আমিন আহম্মেদ, নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র রক্ষায় অবদান ও আপসহীন নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।