শিরোনাম

বরগুনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ ও ২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বরগুনা -১ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান, বরগুনা-২ আসনে আমজনতা পার্টির প্রার্থী আলাউদ্দিন, এনপিপি মনোনীত প্রার্থী সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান ও মো. শামিম। মোট ১৮ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়লেও ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১৩ জন ।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ও সোলায়মান ঋণ খেলাপি হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। মো. শামিম গণ প্রতিনিধিত্ব আদেশ মতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া এবং ১% ভোটারের স্বাক্ষর না থাকায় রাশেদুজ্জামান ও আলাউদ্দিন মামলার তথ্য গোপন করায় তাদের প্রার্থীতা বাতিল হয়ে যায়।