বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা নিরসনে সুনির্দিষ্টভাবে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। ফাইল ছবি

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): স্বাস্থ্য খাতের জনবল সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিরসনে সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-২৫-এর সরকারি দলের সদস্য মোছা. সুরাইয়া জেরিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হয়েছে। সিভিল সার্জনদের সঙ্গে প্রতি মাসে নিয়মিত তদারকি বৈঠক আয়োজনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতির হার ও নিয়মিত উপস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এম এ মুহিত বলেন, “শুধু হাসপাতাল প্রাঙ্গণই নয়, বরং দেশের সার্বিক পরিবেশকে স্বাস্থ্যসম্মত, আধুনিক ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা প্রয়োজন।”

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। গতকাল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের স্বাস্থ্য বিষয়ক সভায়ও তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা ও অগ্রাধিকার দিয়েছেন। এর ধারাবাহিকতায় আজই দেশের সব সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করে প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “কেবল ডেঙ্গু প্রতিরোধেই নয়, বরং সার্বিকভাবে দেশের হাসপাতালগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের টেকসই রূপান্তরে আমরা কাজ করছি। স্বাস্থ্য খাতের প্রতিটি সংকট চিহ্নিত করে সমাধান করা হচ্ছে; আশা করি খুব শিগগিরই নাগরিকেরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।”