শিরোনাম

শরীয়তপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এলাকাবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, “সকল প্রশংসা মহান রবের। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই আনন্দই মহিমান্বিত হয়।”
পাশাপাশি তিনি উল্লেখ করেন, তার দুয়ার সবসময় এলাকার সর্বস্তরের মানুষের জন্য খোলা থাকবে। এছাড়াও যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পালং-জাজিরাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাস তার কাছে আমানত স্বরূপ। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনাদের বিশ্বাসের মান রক্ষা করবো, ইনশাআল্লাহ।’