শিরোনাম

সুনামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন মিলন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে গুরুত্ব দিবেন।
আজ শুক্রবার এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।
কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিজয়ী বিএনপির কলিম উদ্দিন মিলন জানান, শিল্পাঞ্চল খ্যাত এ আসনে রয়েছে বালু-পাথর মহাল, সিমেন্ট কারখানা ও পেপার মিল।
ছাতক ও দোয়ারাবাজার -এই দুই উপজেলায় রয়েছে পর্যটন স্পট।
উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এলাকাকে একটি পরিকল্পিত আধুনিক মডেল টাউনে রূপান্তর করব। উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যুব কর্মসংস্থান ও মানবিক সেবার নতুন দিগন্ত তৈরি হবে।’
ছাতক ও দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার জন্য কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘এ নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এটি ছাতক-দোয়ারাবাজারের ত্যাগী নেতাকর্মীদের সংগ্রামের ফল। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করেছেন।’