বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭

আমি বিজয়কে জনগণের কল্যাণে উৎসর্গ করলাম : আজহারুল মান্নান 

নারায়ণগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। ফাইল ছবি

নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস): নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। দীর্ঘ লড়াই আর ভোটের মাঠের সমীকরণ শেষে বিজয়ের মুকুট পরার পর তিনি এই বিজয়কে উৎসর্গ করেছেন এলাকার সাধারণ মানুষ এবং দলের তৃণমূল কর্মীদের প্রতি।

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থনে আমরা নির্বাচনে জয়ী হয়েছি। এটি আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় এক দায়িত্ব ও কৃতজ্ঞতার। এই বিজয়ের অন্যতম প্রেরণা আমাদের প্রিয় নেতা, বিএনপি’র দেশনায়ক তারেক রহমান। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের এই সাফল্যের পথ দেখিয়েছে।

তৃণমূলই বিজয়ের মূল কারিগর সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সাধারণ ভোটারদের পাশাপাশি বিএনপি’র তৃণমূল নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে বিজয়ের মূল শক্তি হিসেবে দেখছেন নব-নির্বাচিত এই সংসদ সদস্য। 

তিনি বলেছেন, ‘বিএনপি’র শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগ, ঐক্য ও নিরলস প্রচেষ্টায় এই গৌরবময় বিজয় অর্জিত হয়েছে।

প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার করে নির্বাচনের আগে দেয়া ইশতেহার বাস্তবায়নের বিষয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই বিজয়কে আমি জনগণের কল্যাণে উৎসর্গ করব।  আমার ইশতেহারের সকল প্রতিশ্রুতি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালন করব।

সমৃদ্ধ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ গড়ে তুলব।