বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৮

খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চান: কামরুল

সুনামগঞ্জ ১ আসন থেকে বেসরকারি ভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল। ফাইল ছবি

সুনামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সুনামগঞ্জ ১ আসন (তাহিরপুর -জামালগঞ্জ -মধ্যনগর-ধর্মপাশা) থেকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল। 

তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বাসসকে বলেন- আমি ইতিপূর্বে তাহিরপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এ এলাকার মানুষের ভোটে। এবারও হাওরপাড়ের ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। আমি এই আসনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আসনে পরিণত করতে চাই। পাশাপাশি এই আসনের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মৎস্য ভান্ডার খ্যাত টাঙ্গুয়ার হাওরের উন্নয়ন, পর্যটন স্পটকে আরো সমৃদ্ধ করতে তিনি অঙ্গীকার করেন।

সুনামগঞ্জ ১ আসন (তাহিরপুর -জামালগঞ্জ -মধ্যনগর-ধর্মপাশা)। জেলার মধ্যে অন্যতম একটি আসন। এই আসন থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে। যেখানে রয়েছে বালু-পাথরসহ মৎস্য ভান্ডার খ্যাত টাঙ্গুয়ার হাওর। এখানে রয়েছে টেকেরঘাট চুনাপাথর, পর্যটন স্পট  নিলাদ্রী, শিমুল বাগান, বারেকের টিলা।