
সিরাজগঞ্জ,১২ ফেব্রুয়ারি, ২০১৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলে।
সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নারী-পুরুষসহ সব বয়সী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবার ভোটাররা দ’ুটি ব্যালট পেপারে ভোট দিয়েছেন। সাদা রঙের ব্যালট পেপারটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সতর্ক অবস্থানে ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো বাড়তি নজরদারিতে ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। দীর্ঘ সময় পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
সদর উপজেলার এক তরুণ ভোটার রাফি বলেন, ’জীবনের প্রথম ভোট দিলাম, অন্যরকম ভালো লাগছে। কেন্দ্রে এসে পরিবেশ দেখে খুশি।’
কামারখন্দের আরেক ভোটার তানিয়া জানান, প্রথমবার ভোট দিতে এসে ‘সকালেই লাইনে দাঁড়িয়েছি। সবাই খুব স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে। কোনো চাপ নেই। ১৭ বছর পর এমন পরিবেশে ভোট দিতে পারছি, এটা আমাদের জন্য বড় ব্যাপার।’
বিভিন্ন কেন্দ্রের বাইরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকদের ভোটারদের সহায়তা করতে দেখা গেছে। তারা ভোটারদের কেন্দ্র খুঁজে পেতে এবং সারিবদ্ধভাবে দাঁড়াতে সহযোগিতা করছেন।
সব মিলিয়ে সিরাজগঞ্জে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।