বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

সাতক্ষীরায় ৩০ যুবকের ভিন্ন আয়োজনে জীবনের প্রথম ভোট 

ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ যুবকের ভ্যানযোগে ভিন্ন আয়োজনে জীবনের প্রথম ভোট প্রদানের বিষয়টি জেলাজুড়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত উপজেলার পারুলিয়াসহ কয়েকটি গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ যুবক এলাকায় ফিরে এসে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘জনতার ভোট, জনতার সরকার’, ‘ভোট আমার অধিকার, ভোট হোক উৎসব,’ গণভোটে হ্যাঁ বলি-এ ধরনের নানা প্লেকার্ড হাতে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করেন। সকাল থেকে জীবনের প্রথম ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে দিতে পেরে এলাকাবাসীর সাথে তারা আনন্দ ভাগাভাগি করেন।

ভোট প্রদান শেষে আবেগ আপ্লুুত হয়ে ওই তরুণ ভোটররা বলেন, ১৪শ’ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রথম ভোট সুষ্ঠুভাবে দেওয়াই ছিল আমাদের অঙ্গীকার। তারা শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তার স্মৃতিকে ধরে রাখার আহবান জানান। একই সাথে দীর্ঘ দেড় যুগ পর একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করায় অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানান।