বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯

হুইল চেয়ারে ১০ কিলো এসে ভোট দিলেন খোদাবক্স

ছবি : বাসস

মেহেরপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বয়োবৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী ভোটার খোদাবক্স হোসেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছেন হুইলচেয়ারে করে। বয়স ও শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার নাগরিক দায়িত্ব পালনে। 

এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে তিনি প্রায় ১০ কিলোমিটার দূরের খলিসাগাড়ি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার ভোটের দিন সকালে আবার নিজ গ্রামে ফিরে আসেন। রাস্তায় অটোরিক্সা কিংবা ভ্যান না পেয়ে স্ত্রী নিজ হাতে হুইল চেয়ার ঠেলে তাকে নিয়ে আসেন গ্রামের নির্ধারিত ভোট কেন্দ্রে। কেন্দ্র প্রাঙ্গণে তাদের উপস্থিতি অন্য ভোটারদেরও দৃষ্টি কাড়ে। 

ভোট দিয়ে বের হয়ে খোদাবক্স বলেন, শরীর ভালো না, তবুও ভোট না দিলে মন শান্তি পায় না। এই অধিকার আমরা অনেক কষ্টে পেয়েছি। যতদিন বেঁচে আছি, ভোট দেবো। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর চোখে তৃপ্তির হাসি। 
তার স্ত্রী রেবেকা খাতুন বলেন, তিনি নিজেও চলতে পারেন না। তাই ভাবলাম, কষ্ট হলেও নিয়ে আসি। ভোট দেয়া আমাদের দায়িত্ব। আজ ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। অনেকেই বলেছেন, খোদাবক্স‘র মতো ভোটারদের আগ্রহ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।