বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

ছেলের কোলে চড়ে ভোট দিলেন বাবা

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরের বৃদ্ধ আলাউদ্দিন প্রধানকে তার দুই ছেলে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শারীরিকভাবে অসুস্থ বাবার সারাদিন চিৎকার এবং রাগ করায় ছেলেরা কোলে করে বাবাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। সদর উপজেলার উত্তর ইসলামপুরের বৃদ্ধ আলাউদ্দিন প্রধান (৭৫) কে তার দুই ছেলে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন।

ভোটের প্রায় শেষ সময় বিকেল সোয়া ৪টায় দুই ছেলে কোলে করে বাবাকে নিয়ে এসেছেন পিটিআই ভোট কেন্দ্রে। আলাউদ্দিন প্রধান শারীরিকভাবে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। হাঁটা চলা করতে পারেন না। এ কারণে বাড়ির লোকজন তাকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যায়নি। বাড়ির সকলে যখন ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন তখন আলাউদ্দিন ভোট দেয়ার জন্য বলতে থাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে ভোট কেন্দ্রে নেয়া হয়নি। আলাউদ্দিন প্রধানের ছেলে কামাল জানান, বাবা সারাদিন ভোট দেয়ার জন্য চিৎকার করছিলেন। যখন সময় প্রায় শেষ পর্যায়ে তখন বাসার সকলের সাথে রাগারাগি করতে থাকে। বাধ্য হয়ে আমরা কোলে করে বাবাকে কেন্দ্রে নিয়ে এসেছি। দীর্ঘ দিন যাবৎ ভোট দিতে পারেননি। শান্তিপুর্ণ ভোট হচ্ছে জেনে ভোট দেয়ার জন্য পাগল হয়ে যান। ভোট দিতে পেরে অনেক খুশি আলাউদ্দিন প্রধান।