
রাজশাহী, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ব্যালট গণনা। দিনভর রাজশাহীর নির্বাচনী ময়দানে ছিল উৎসবের আমেজ ও নানা অনুপ্রেরণাদায়ক চিত্র।
রাজশাহীর ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এখন প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন ও নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।
রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৮০ জন, রাজশাহী-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, রাজশাহী-৩ আসনে ৪ লাখ ২৩ হাজার ৯৩৭ জন, রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ও রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। রাজশাহীর ৬টি আসনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখন বেসরকারি ফলাফল ঘোষণার অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন রাজশাহীর সাধারণ মানুষ।