
নীলফামারী, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার ডোমার উপজেলায় ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ ফজলুল হক। আর বললেন,‘জীবনে কোন ভোট বাদ দেও নাই। শ্যাষ বয়সোত এইবারের ভোটটাও দিনু। আর কোন দিন ভোট দিবার পারিম কি জানো না’।
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় কলমদারপাড়া গ্রামে বাড়ি তাঁর। দুপুর ১২টার দিকে দশম পড়ুয়া নাতি জোনায়েদ আল হাবিবকে সঙ্গে নিয়ে আসেন সোনারায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এ বয়সে ভোটকেন্দ্রে আসতে পেরে অনেক আবেগাপ্লুত তিনি। কেন্দ্রে ভোট দেওয়ার পর এ অনুভুতি প্রকাশ করেন তিনি।
তিনি বলেন,‘শ্যষ বয়সোত আসি ভোটটা দিবার পারি মোক খুব ভালো লাগেছে। মোর জীবনোত কোন ভোট বাদ পড়ে নাই। এলা চলাফেরায় অসুবিধা, জানো না আর কোন দিন ভোট কেন্দ্রত আসির পারিম কিনা’।
বৃদ্ধের নাতি জোনায়েদ আল হাবিব বলেন, ভোট দেওয়ার জন্য দাদুর খুব আগ্রহ। আজ সকাল থেকে প্রস্তুতি নিয়ে আমি তাঁকে কেন্দ্রে নিয়ে এসেছি। এখন ভোট প্রদানের পর অনেক আনন্দিত তিনি’।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. মেহফুজুর রহমান জানান, দুপুর বেলা ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ ভোট পড়েছে সেখানে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৩০ জন।