বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০

নেত্রকোণায় নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী কায়সার কামাল

নেত্রকোনা-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা উপজেলার চত্রংপুর ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রদান করেন। ছবি : বাসস

নেত্রকোণা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনা-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি কলমাকান্দা উপজেলার চত্রংপুর ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের কায়সার কামাল বলেন, "দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি ২০০৮ সাল থেকে এই এলাকার মানুষের সাথে আছি। আশা করছি, কলমাকান্দা ও দুর্গাপুরের জনগণ আমার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কাজের মূল্যায়ন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।"

সকাল থেকেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল। কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এখন নাগাদ কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), মো. আলকাছ উদ্দিন মীর (সিপিবি), মো. আ. মান্নান সোহাগ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. বেলাল হোসেন (জাসদ)।

জেলায় মোট ভোট কেন্দ্র ৬৭৬টি, মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, মহিলা ভোটার ১০ লাখ ৭ হাজার ৪ শত ৭১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন এবং পোস্টাল ভোটার ১৭ হাজার ৮ শত ২০ জন।

জেলায় মোট ৬৭৬ টি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় রয়ে, তার মধ্যে ২৬১ টি সাধারণ, ২৭৩ টি গুরুত্বপূর্ণ এবং ১৪২ টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

৬৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬৮৬ জন পোলিং অফিসার নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন।