বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

দিনাজপুরে ডা. জাহিদ হোসেন সহ ৬টি আসনের বিএনপি প্রার্থীদের ভোট প্রদান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আজ মতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ছবি : বাসস

দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন দিনাজপুর-৬ আসনে বিএনপি (নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট) ধানের শীষের পদপ্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটে জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে ডা. জাহিদ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন,নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে,আমি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদী। ধর্ম বর্ণ দল-মত নির্বিশেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে ধানের শীষ মার্কায় জনগণ ভোট দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দিনাজপুর-৫ আসনে বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও লন্ডন বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জেলার ফুলবাড়ী উপজেলার পৌরসভা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে ভোট দেন।

এদিকে আজ সকাল ৯ টা ২২ মিনিটে দিনাজপুর-৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জেলার চিরিরবন্দর উপজেলা দক্ষিণ পলাশবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি তার প্রতিক্রিয়া বলেন,একটি দল ধর্মের কথা বলে ভোটারদের মাঝে প্রচারণা শুরু থেকেই বিভ্রান্তি ছড়াচ্ছিলে।। তিনি বলেন, আজকে ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ ভোটের ব্যালট প্রদানের মাধ্যমে এর সমচিত জবাব দেবেন।

দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আজ সকাল ১০টায় ভোট দেন।

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী জেলার বোচাগঞ্জ  উপজেলার দৌল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ দুপুর ১২ টা ৪২ মিনিটে ভোট দেন।

দিনাজপুর-১ আসনের বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বক্স উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে আজ দুপুর ১২ টা ২১ মিনিটে ভোট দেন।