
খুলনা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার পর তিনি কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি তার নিজ ভোট প্রদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ। তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করবেন।
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয়।
জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মাধ্যমেই প্রতিফলিত হবে।
নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমন-পীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তিনি ভোট দেয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছেন তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন, ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।