
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বয়স তার ৭০ বছর, চলাচলেও প্রায় অক্ষম। তার পরও ভোট দেয়া থেকে বিরত রাখতে পারেননি ওসমান গনিকে। ঢাকা-৯ আসনে আজ মানিক নগর মডেল হাই স্কুলে দুই নিকটজনের কোলে চড়ে ভোট দিয়েছেন তিনি।
ফ্যাসিস্ট হাসিনা মুক্ত পরিবেশে ভোট দেয়ার অদম্য ইচ্ছা তাকে টেনে এনেছে ভোট কেন্দ্রে। এসময় ওসমান গনি বাসসকে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমি ভোট দিতে পারিনি।
তাই এবার ভোট দিতে চলে এসেছি। এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে।’
এসময় তিনি আক্ষেপ করে বলেন, ‘বিগত দিনে যখনই ভোট হয়েছে অন্যরা তা দিয়ে দিয়েছে। কেন্দ্রে এসে জানতে পারি আমার ভোট হয়ে গেছে। আগেই কেউ দিয়ে দিয়েছে।’
সুদূর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ভোট উৎসবে যুক্ত হয়েছেন মানিক নগরের আরেক বাসিন্দা আল আমিন আহমেদ। তিনি বাসসকে বলেন, এমন উৎসবে যোগ দেয়ার লোভ সামলাতে পারিনি বলেই দ্রুত দেশে ফিরে এসেছি। এসময় তিনি ভোট দিতে আসা ঘনিষ্ঠজনদের আপ্যায়ন করিয়ে নিজের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটান। বলেন, দীর্র্ঘদিন দেশে এমন একটি ভোট উৎসব দেখা যায়নি। ভোট গ্রহণ কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায়েও সন্তোষ প্রকাশ করেন আল আমিন।