বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭

পটুয়াখালীতে জাল ভোটের চেষ্টা, আটক ৩

ছবি : বাসস

পটুয়াখালী, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কলাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা ও ভোটের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেনকে (৪৬) আটক করে পুলিশ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বাসসকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তাদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।