বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকাল ১০টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ছবি : বাসস

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ( বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  দু'একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।

উপদেষ্টা আজ সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ "বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ" কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই প্রতিবেশি দেশের মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।

জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।