
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে তিনি মোহাম্মদপুর সাত মসজিদ রোডে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়ার আগে তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন।
রাজধানীর জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং ত...তীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, রকেট প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মো. শাহাবুদ্দিন, মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মো. খালেকুজ্জামান, হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।