
চাঁপাইনবাবগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে সংসদ সদস্য প্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোট দিচ্ছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ভোটার ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ২০ হাজার ৭৭৯ ও নারী ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
জেলার ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৬ জন আনসার সদস্য, একজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন নিরস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।