বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২

সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত- ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সকালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ছবি : বাসস

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার দুই নাতনিকে সাথে নিয়ে নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট প্রদান শেষে তিনি চলমান নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। এভাবে ভোটগ্রহণ চলতে থাকলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো বলে আশা করছি। আজ সকালে তিনি চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ডা. তাহের বলেন, ‘আমরা আশা করছি ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

তিনি অতীত নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করলেও এলাকায়  ঢুকতে পারিনি।’

১১ দলীয় ঐক্যজোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে বলে আমরা আশা রাখি।

ভোট প্রদান শেষে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।