
রংপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনী আসনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
এ সময় তিনি প্রশাসনকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, যদি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ১১ দলীয় জোটের বিজয় কেউ আটকাতে পারবে না।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাকে সঙ্গে নিয়ে রংপুরে ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন আখতার হোসেন। সেই কেন্দ্রে তার মা ভোট প্রদান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। যদিও আখতার হোসেনের ভোট ঢাকায় থাকায় নিজ আসনে ভোট দিতে পারেননি তিনি।
জয়ের বিষয়ে আখতার হোসেন বলেন, শাপলা কলির পক্ষে জোয়ার উঠেছে। রংপুর-৪ আসনের ভোটাররা উন্নয়নের স্বার্থে শাপলা কলিকেই বেছে নিচ্ছেন। ইনশাআল্লাহ বিশাল ব্যবধানে জয়ী হব।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা কপি প্রতীকে ১১ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, বাসদ-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, বাংলাদেশ কংগ্রেস’র উজ্জ্বল চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাহিদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আটশো ৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে।