বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯

চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার দুইটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। 

আজ সকাল ৮টায় চুয়াডাঙ্গার পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় ও মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ বারী প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। 

এদিকে সকালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকাল ৯টায় শেষ খবর পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

চুয়াডাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দুইটি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন 
বাংলাদেশের একজন করে প্রার্থী ভোটযুদ্ধে আছেন। এতে দুটি আসনে তিনজন করে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মো. শরীফুজ্জামান, জামায়াতের অ্যাডভোকেট  মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের মো. রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসানুজ্জামান সজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে এবার মোট ভোটার রয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এরমধ্যে দুই লাখ ৫৪ হাজার ৩০২ জন পুরুষ, দুই লাখ ৫৭ হাজার ৩৪৭ জন মহিলা ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এরমধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, দুই লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।