বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫১

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার আহ্বান এনসিপির

ছবি: বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন এবং ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন। আজ সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান ও অ্যাডভোকেট হুমায়রা নূর উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার ১০ ঘণ্টার ভোটগ্রহণ দেশের আগামী ৫-১০ বা ২০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন এবং অন্যদেরও উৎসাহিত করেন।

আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে, নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি-সেটাই প্রমাণ করে। 

এই পরিবেশ সৃষ্টিতে যারা আন্দোলনে আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি যৌথ বাহিনী ও সেনাবাহিনীর সাম্প্রতিক কিছু অভিযানের প্রশংসা করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোটারদের আস্থা বেড়েছে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে যেখানেই অবৈধ অস্ত্র রয়েছে, তা দ্রুত উদ্ধার করার আহ্বান জানান তিনি।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো প্রতীকে ভোট দিলেও সবাই যেন কেন্দ্রে গিয়ে ভোট দেন। কারণ এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।