বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১১

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার ৪৯৯ সদস্য মোতায়েন

ছবি : বাসস

কক্সবাজার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজারজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জেলায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৩ হাজার ৪৯৯ সদস্য মোতায়েন করা হয়েছে।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২ হাজার ১৬৬ জন সেনাসদস্য, ৮৮০ জন বিজিবি সদস্য, ৩৯৯ জন নৌবাহিনীর সদস্য, ৫০ জন বিমান বাহিনীর সদস্য, ১৪৫ জন কোস্টগার্ড সদস্য, ৮০ জন র‌্যাব সদস্য, ১৯০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া আনসার ও ভিডিপির ৭ হাজার ৭৭৪ জন সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে আনসার-ভিডিপির ১৩ জন করে সদস্য নিয়োজিত থাকবেন।

সীমান্তবর্তী অবস্থান, উপকূলীয় ভৌগোলিক বাস্তবতা এবং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন জনপদ থাকার কারণে জেলাটি বরাবরই নির্বাচনী নিরাপত্তার ক্ষেত্রে স্পর্শকাতর হিসেবে বিবেচিত। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ব্যাপক প্রস্তুতি, কঠোর নজরদারি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মাঠে নেমেছে।

ভোটগ্রহণের আগে, ভোটের দিন ও ভোট-পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে যাতায়াত কার্যত বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পসংলগ্ন এলাকা, সীমান্ত, উপকূল ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি, আনসার, নৌবাহিনী ও কোস্টগার্ড সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ বলেন, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। জেলার ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ করবেন ১২ হাজার ২৫১ জন কর্মকর্তা।

জেলা প্রশাসক মো. আ. মান্নান আরও জানান, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছেন ৪ হাজার ৫০৩ জন এবং পোলিং অফিসার রয়েছেন ৭ হাজার ৭৪৮ জন।