শিরোনাম

খুলনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা মহানগরীসহ জেলার ৬টি আসনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এদিকে আজকের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার সারাদিন খুলনায় ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অপরদিকে, আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের চত্বর থেকে মহানগরীর দু’টিসহ জেলার ৬টি আসনের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা ৬টি সংসদীয় আসনে ১ হাজার ২৫০ জন সেনা সদস্য, ৩শ’জন বিজিবি, ৯৫৪ জন নৌবাহিনীর সদস্য, ৩৫৫ জন কোস্ট গার্ড সদস্য, ৯৮ জন র্যাব সদস্য, খুলনা মেট্টোপলিটন পুলিশের ২ হাজার ৪৩১ জন সদস্য, জেলা পুলিশের ২ হাজার ১২৪ জন সদস্য ও আনসার ভিডিপি’র ১১ হাজার ১১২ জনসহ ১৮ হাজার ৪২৪ জন সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়া খুলনা মহানগরী ও জেলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ইসি সূত্র জানায়, খুলনায় মোট কেন্দ্র সংখ্যা ৮৪০টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ ৫৮৫টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন খুলনা-৬। এই আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনে ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৬টি এবং খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ৮৩টি।
খুলনার জেলা প্রশাসক রিটানিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেখার জন্য গত মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।