বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৮

কক্সবাজারে ভোটের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার 

কক্সবাজার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

সীমান্তবর্তী অবস্থান, উপকূলীয় ভৌগোলিক বাস্তবতা এবং রোহিঙ্গা ক্যাম্প প্রভৃতি বিষয় মাথায় রেখে এবার সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মাঠে নেমেছে। এবার জেলায় নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার ৪৯৯ সদস্য মাঠে থাকছেন। 

ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালীন মেয়াদে রোহিঙ্গা ক্যাম্পগুলোর সংলগ্ন এলাকা, সীমান্ত, উপকূল এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি।

আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ সহ সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৩ হাজার ৪৯৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে রয়েছেন ২ হাজার ১৬৬ জন সেনা, ৮৮০ জন বিজিবি, ৩৯৯ জন নৌবাহিনী, ৫০ জন বিমান বাহিনী, ১৪৫ জন কোস্টগার্ড, ৮০ জন র‌্যাব, ১৯০ জন আনসার ব্যাটেলিয়ন ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য।

এছাড়া আনসার ও ভিডিপির ৭ হাজার ৭৭৪ জন সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম বলেন, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ জানান, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। জেলার ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ পরিচালনা করবেন ১২ হাজার ২৫১ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছেন ৪ হাজার ৫০৩ জন এবং পোলিং অফিসার ৭ হাজার ৭৪৮ জন।