শিরোনাম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের পীর, মাশায়েখ ও আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।
আজ বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’-এমন সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তারেক রহমান দেশের পীর-মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান বিএনপির বিরুদ্ধে চলা অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে সঠিক নির্দেশনা পাবে বলে তিনি বিশ্বাস করেন।
ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এই ধর্মীয় নেতাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন তারেক রহমান।