শিরোনাম

নওগাঁ, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ইং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার, প্রার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আজ বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
রিটার্নিং অফিসার বলেছেন, আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হবে এবং তা বিরতিহীনভাবে বিকাল সাড় ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১ হাজার ১শ’ ১২ জন সেনা সদস্য, ২ হাজার পুলিশ সদস্য, ১২১ জন র্যাব সদস্য, ১৭৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১১ হাজার আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে।
এছাড়াও সেনাবাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিবে।
তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন জেলার ৭৮২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সাইফুল ইসলাম আরও বলেছেন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নির্ভয়ে ও স্বচ্ছন্দে ভোট প্রদানের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
জেলা প্রশাসক নির্বাচন চলাকালে যেকোনো গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে উল্লেখ করেন।