বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৯

গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোটপ্রদান করতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোটপ্রদান করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোটপ্রদান করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছে।