বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম

ছবি : বাসস

টাঙ্গাইল, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ইং উপলক্ষে জেলার ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩টি ভোট কেন্দ্রে আজ পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস।

বুধবার সকাল ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৬৩টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোট গ্রহণের সব সরঞ্জাম বুঝে নেয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সবক’টি কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে।

জেলার ৮টি সংসদীয় আসনে নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটার ৩৩ লক্ষ ৩৪ হাজার ৪শ’ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক জানান, আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলার ৮টি আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।