বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ইং উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-৭ এর পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ হাটহাজারীর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. সাইফুর রহমান।

বুধবার বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রের মধ্যে যেখানে যেখানে র‌্যাবের যাওয়ার সুযোগ আছে সেখানে র‌্যাবের টিম যাবে। এজন্য র‌্যাবের পক্ষ থেকে কম্যকর্তাসহ এক প্লাটুন সৈন্য রাঙ্গামাটিতে অবস্থান করছেন। পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাবের গোয়েন্দা টিম কাজ করছে। 

তিনি বলেন, আমরা আশা করছি সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাবের ডিজির নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো।

কমান্ডার বলেন, ইতোমধ্যে আমরা অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া-রানীরহাটে কিছু দুর্ধর্ষ আসামী আটক করতে সক্ষম হয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সমতল অঞ্চলের মতো রাঙ্গামাটিতেও যেন শান্তির সুবাতাস বয়ে যায় সেজন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব কাজ করছে। 

তিনি বলেন, র‌্যাব কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল কার্যক্রম তদারকি করবেন এবং মোবাইল টিম যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকবে। তিনি আরো বলেন, রাঙ্গামাটি সংসদীয় আসনের ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রে র‌্যাব কাজ করবে এবং দুর্গম এলাকায় প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারও ব্যবহার করা হবে।

র‌্যাব-৭ হাটহাজারীর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, রাঙ্গামাটি সংসদীয় আসন ছাড়াও র‌্যাব-৭ হাটহাজারী,ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়াসহ মোট পাঁচটি সংসদীয় আসনের দায়িত্ব পালন করছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।