বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫

কুমিল্লার ১,৪৯১ কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

ছবি : বাসস

কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। 

আজ বুধবার সকাল থেকে জেলার ১ হাজার ৪৯১টি কেন্দে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে এসব সামগ্রী পাঠানো হয়।

এর আগে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সকল সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লার ১১টি আসনে মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, এর মধ্যে ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্য কেন্দ্রভিত্তিক দায়িত্বে থাকবেন। এছাড়া ২ হাজার ৪০ জন সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি সদস্য এবং ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য মাঠে থাকবেন।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি এবং র‌্যাবের ২৪টি মোবাইল টিম মোতায়েন থাকবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে।