শিরোনাম

সাতক্ষীরা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর সহ ৭টি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামাদি ও ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রি হস্তান্তর করেন দায়িত্বরত কর্মকর্তারা। দুর্গম উপকূলীয় এলাকা বিশেষত, শ্যামনগর ও আশাশুনির নদীবেষ্টিত কেন্দ্রগুলোর জন্য বিশেষ নৌযানের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া মাঠে কাজ করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।
এদিকে, জেলার ৬০৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে পুলিশের বডিওয়র্ন ক্যামেরাসহ অস্ত্র ও জনবল বাড়ানো হয়েছে। জেলায় ১৮ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হওয়ার আশাবাদ জানিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্নব দত্ত জানান, দূরবর্তী কেন্দ্রগুলাতে নির্বাচনী সরঞ্জাম আগে পাঠানো হয়েছে। এজন্য সশস্ত্র পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী রয়েছে।