বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬

শেরপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

ছবি : বাসস

শেরপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুরের ২টি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। এ দিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনে দুটিতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

আজ বুধবার সকাল ১০ থেকে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় কঠোর নিরাপত্তায় পৌঁছে যাচ্ছে এসব সরঞ্জাম।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর ১ আসন (সদর) এবং ২ আসন (নকলা নালিতাবাড়ী) তে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৯ টি। এসব আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

এই দুটি আসনে মোট ভোটার ৮ লাখ ৯০ হাজার ৫২২ জন। দুই আসনে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।