বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮

দিনাজপুরে ভোট কেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী রংপুর এরিয়া কমান্ডার

ছবি : বাসস

দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আজ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সুখিপীর স্কুল এবং বিন্নাকুড়ি স্কুল ভোট কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। তিনি এরআগে রংপুর থেকে হেলিকপ্টারযোগে জেলার চিরিরবন্দর উপজেলায় পৌঁছেন।

নির্বাচনি ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বিষয় নিয়ে কথা বলেন। তিনি তাদের বলেন, ভোট গ্রহণকালে কোনো ধরনের সংশয় বা ভয় পাওয়ার কারণ নেই। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সম্মিলিতভাবে জাতির আশা-আকাঙ্ক্ষা পুরণে একটি অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট উপহার দিতে চাই। এর থেকে আমরা কোনোভাবেই পিছু হটবো না। এসব বিষয়ে দৃষ্টি রেখে সকলকে ভোট গ্রহণ কাজে দায়িত্বে পালনের আহ্বান জানান।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, দিনাজপুর সেনা ক্যাম্পের মেজর তানভীর হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আলিম, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, চিরিরবন্দর থানার ওসি (পরিদর্শক) মাহমুদুন নবী উপস্থিত ছিলেন।