শিরোনাম

লক্ষ্মীপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে আজ বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী ভোটকেন্দ্রগুলোতে বিতরণ শুরু হয়। সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে।
লক্ষ্মীপুরে চারটি আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯ম ৫৬জন।
এদিকে নির্বাচনকে সুষ্ঠ করতে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃংখলা বাহিনী। এছাড়া ২৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, প্রত্যেকটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উৎসবমুখর পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোন ধরনের শংকা নেই। ভোটাররা দল বেধে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে বলে আশা করেন তিনি।