বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর

ছবি : বাসস

কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি মনোনীত কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আহবান জানান।

এ সময় তিনি জামায়াতে ইসলামীকেও সহনশীল ও দায়ীত্বশীল আচরণ করারও আহবান জানান।

জামায়াত শিবির কর্তৃক বিএনপি নেতা-কর্মীর উপর আক্রমণের ঘটনায় তিনি বলেন, সোমবার রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হামলায় দু’জন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে তাদের দেখতে যাই। এভাবে মানুষ মানুষকে রাজনৈতিক হীন স্বার্থে পিটাতে পারে আমার জানা ছিল না। জামায়াতের প্রার্থী নিশ্চয়ই বিষয়টি অবগত হয়েছেন। দেখি তিনি দলীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাবো। দীর্ঘ আন্দোলনে আমরা রাজপথের সহযোদ্ধা ছিলাম, মজলুম ছিলাম। এখন কেউ জালিম হবেন না।

গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমার কাছে যে সকল আসন গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলার লিস্ট করে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি তারা সঠিক পদক্ষেপের মাধ্যমে সকল অপ্রীতিকর ঘটনা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, আগামী  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়েছি। আমি এই আদি কোতোয়ালির সন্তান হয়েও কুমিল্লা শহরে আমি প্রার্থী হিসেবে এবারই প্রথম। শহরকে সাজাতে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এখানে প্রার্থী হওয়ার। আপনারা অবগত আছেন দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পর্যুদস্ত হয়েছে বারবার। এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিতকরনের নির্বাচন।

চব্বিশের জুলাইয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। হাজারো তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের জুলাইয়ের চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরও চারদিকে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা রুখে দিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটের দিন কেউ কোনো প্রকার অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আপনারা শক্ত হাতে দমন করবেন। গত ১৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর থেকে মানুষের যে বিশ্বাস উঠে গিয়েছিল আগামী ১২ ফেব্রুয়ারি সুযোগ এসেছে আপনাদের সে বিশ্বাস অর্জনের।

কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে, কোন প্রকার ভয় ভীতি, শঙ্কা না করে সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। সকল দল মত, জাতি ধর্ম- বর্ণ নির্বিশেষে আমি প্রার্থী হিসেবে সবার ভোট চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার প্রমুখ।