বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৬

পাবনায় ৭০২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬৯টি গুরুত্বপূর্ণ

ছবি: বাসস

পাবনা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭০২টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৬৯টি, আর সাধারণ ভোট কেন্দ্র ৪৩৩টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ ৭৮টি আর কম গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৯১টি।

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

জেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, পাবনা জেলায় ভোট গ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী। এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনী ১২০০ জন, পুলিশ ২৩০০ জন,  র‌্যাব ১২০ জন, আনসার ৯ হাজার ১২৬ জন মোতায়ন থাকবে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে। তার মধ্যে তিনজন থাকবে অস্ত্রধারী। ভোট কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব টহল থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন। সব মিলিয়ে আমরা একটা সুন্দর ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন পাবনাবাসীকে উপহার দিতে চাই।

পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

এরমধ্যে পাবনা-১ আসনে লড়ছেন ৪ জন প্রার্থী। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ভোট কেন্দ্র ৯৪টি।

পাবনা-২ আসনে রয়েছেন ৫ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। ভোট কেন্দ্র ১৪০টি।

পাবনা-৩ আসনে লড়ছেন ৮ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন। ভোট কেন্দ্র ১৭৬টি।

পাবনা-৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। ভোট কেন্দ্র ১২৯টি।

পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। ভোট কেন্দ্র ১৬৩টি।